দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে দেশের তৈরি পোশাকশিল্প। গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে ক্রেতারা নিশ্চিত করা অর্ডার থেকে ২৫৪ মিলিয়ন ডলারের পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন।
খাতটির প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর জরুরি জরিপ পরিচালনা করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। জরিপে ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অস্থিতিশীল পরিস্থিতি ও নানা বিঘ্নের কারণে কারখানাগুলোর ক্ষয়ক্ষতির প্রাথমিক চিত্র উঠে এসেছে।
জরিপে এখন পর্যন্ত ৩১৭টি কারখানা তথ্য দিয়েছে। এসব কারখানা অস্থিতিশীল পরিস্থিতির কারণে সর্বনিম্ন এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে শুধু এই ৩১৭টি কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার (এফওবি মূল্য)।
উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ রপ্তানি আদেশই ঝুঁকির মুখে পড়েছে। অর্ডার ধরে রাখতে কারখানাগুলোকে ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানো, বড় অঙ্কের মূল্যছাড় দেওয়া, এমনকি অর্ডার বাতিলের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
অন্যদিকে, অস্থিতিশীলতার কারণে ক্রেতাদের আস্থায়ও নেতিবাচক প্রভাব পড়েছে। জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর তথ্য অনুযায়ী, ক্রেতারা ইতিমধ্যে নিশ্চিত করা অর্ডার থেকে ৫ কোটি ৯০ লাখ পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব অর্ডারের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।
বিজিএমইএর মতে, জরিপে উঠে আসা পরিসংখ্যান প্রকৃত ক্ষতির খণ্ডচিত্র মাত্র। সংগঠনটির হিসাবে, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। অথচ স্বল্প সময়ের এই জরিপে অংশ নিতে পেরেছে মাত্র ৩১৭টি কারখানা। এ ছাড়া জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত হলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে। ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ জরিপে উঠে আসা হিসাবের চেয়েও বেশি হতে পারে।
বিজিএমইএ বলছে, তাৎক্ষণিক আর্থিক ক্ষতির বাইরেও বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ সম্ভাবনার ওপর বড় আঘাত এসেছে। অন্য দেশে বিপুল পরিমাণ অর্ডার চলে যাওয়ার মধ্য দিয়ে এর প্রতিফলন দেখা যাচ্ছে।
দেশের অর্থনীতি ও লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে দ্রুত এই সংকট থেকে উত্তরণ জরুরি বলে মনে করছে সংগঠনটি। শিল্পের উৎপাদন সচল রাখা এবং ক্ষতি কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছে বিজিএমইএ।
এমএস/